স্বামী নেই, অভিভাবক নেই—তাই কি অধিকারও নেই?

Uncategorized

ঈশানী মল্লিক

অসুস্থ হলে অফিসকে জানাতে, হাসপাতালে চিকিৎসা করাতে কি আজও এক নারীকে পুরুষ অভিভাবকের শরণাপন্ন হতে হবে? স্বনির্ভর নারীর ব্যক্তিস্বাধীনতা কি তবে সমাজের অদৃশ্য প্যাট্রিয়ার্কাল সিলমোহরের অপেক্ষায় বন্দি?
একজন নারী। একলা নিজের মতো করে নিজের ভুবন সাজিয়েছেন। নিজের উপার্জনে জীবন চালান; ঘরের ভাড়ার কড়ি থেকে শুরু করে গ্রোসারি, কেরিয়ারের ইঁদুরদৌড় থেকে শুরু করে একলা রাতের জ্বর—সবটা নিজেই সামলান। অথচ, পেশাগত পরিসরে তাঁর এই স্বয়ংসম্পূর্ণতাই যেন একটা অপরাধ! কর্মক্ষেত্রে অসুস্থতার খবর জানানো, ছুটির আবেদন করা কিংবা হাসপাতালের বেডে শুয়ে নিজের চিকিৎসার বন্দোবস্ত করার মতো অতি সাধারণ বিষয়গুলোতেও যখন তাঁর বৈবাহিক পরিচয় বা পরিবারের পুরুষ সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক করে তোলা হয়, তখন সমাজের বিবেকের কাছে একটাই মৌলিক প্রশ্ন জেগে ওঠে—একজন প্রাপ্তবয়স্ক নাগরিকের মৌলিক অধিকার কি তবে তাঁর সিঁথির সিঁদুর বা পদবির লেজুড় ধরে ঝুলে থাকে?

আমাদের এই আধুনিক কর্পোরেট বা সরকারি কর্মজগতে প্রবেশ করতে গেলে কি বিয়ে করাটা বাধ্যতামূলক কোনো শর্ত? অফিস কামাই হলে বা হাসপাতাল থেকে ছুটির আবেদন করতে গেলে কি পাশে একজন ‘স্বামী’ থাকা জরুরি? যার পরিবার নেই, রক্তের চেনাজানা কেউ নেই বা আইনি অভিভাবক বলতে কেউ নেই—এই সমাজের চোখে কি তবে তাঁর বেঁচে থাকার, চাকরি করার কিংবা সম্মানজনক চিকিৎসার অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়েছে?
আইন কি সত্যিই বৈবাহিক পরিচয়ের তোয়াক্কা করে?

সংবিধানের পাতা উল্টে দেখলে এই পুরুষতান্ত্রিক অনুশাসনের কোনো আইনি ভিত্তি খুঁজে পাওয়া যায় না।
* ভারতীয় সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদ আইনের চোখে নিখাদ সমতার অধিকার নিশ্চিত করে।
* ১৫ নম্বর অনুচ্ছেদ লিঙ্গের ভিত্তিতে যেকোনো বৈষম্যকে সোজasoji নিষিদ্ধ করে।
* ২১ নম্বর অনুচ্ছেদ জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকারকে সর্বোচ্চ মান্যতা দেয়।

সুপ্রিম কোর্টের ঐতিহাসিক Justice K.S. Puttaswamy বনাম Union of India (2017) মামলায় পরিষ্কার বলা হয়েছে, ব্যক্তিগত গোপনীয়তা ও ব্যক্তিস্বাধীনতা নাগরিকের জন্মগত অধিকার। অন্যদিকে, X বনাম Principal Secretary (2022) মামলার রায়ে আদালত প্রমাণ করে দিয়েছে যে, একজন নারীর প্রজননস্বাস্থ্য বা ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাঁর বৈবাহিক অবস্থা কোনোভাবেই অন্তরায় হতে পারে না। অর্থাৎ, আইনত একজন নারীর পরিচয় তাঁর নিজের যোগ্যতায় তৈরি, তাঁর কোনো স্বামী বা অভিভাবকের দয়ায় নয়।
শ্রম আইন বা সার্ভিস রুলসের ক্ষেত্রেও চিত্রটা একই। পশ্চিমবঙ্গের West Bengal Shops and Establishments Act, 1963-এর ১১ ধারা হোক কিংবা বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সার্ভিস রুলস—কোথাও কি লেখা আছে যে অসুস্থতার ছুটি পাওয়ার জন্য অবিবাহিত বা অভিভাবকহীন নারীদের কোনো বিশেষ যোগ্যতার প্রমাণ দিতে হবে? অফিস মেডিক্যাল সার্টিফিকেট চাইতে পারে, ছুটির কারণ জানতে চাইতে পারে, কিন্তু কাজের জায়গায় কোনো নারী একা থাকেন বলেই তাঁকে বাড়তি মানসিক হেনস্থার মুখে পড়তে হবে—এমন কোনো বিধান কোনো শ্রম আইনে নেই।
প্রশাসনিক নিয়ম বনাম ব্যক্তিগত হ্যারেসমেন্ট
অফিসে বা হাসপাতালে আসার ক্ষেত্রে একটি শব্দ খুব জোরালোভাবে ব্যবহার করা হয়—‘Emergency Contact’ বা জরুরি যোগাযোগের নম্বর। কিন্তু প্রশাসন কি কখনো এই ফারাকটা বুঝতে চায় যে, জরুরি যোগাযোগের জন্য একটি নম্বর চাওয়া আর আইনি অভিভাবক বা স্বামী থাকা সম্পূর্ণ আলাদা বিষয়?
অসুস্থতার মুহূর্তে কোনো কর্মী নিজে যোগাযোগ করতে না পারলে তাঁর পাশে দাঁড়ানো মানুষটি হতে পারেন একজন নির্ভরযোগ্য সহকর্মী, কোনো ভালো বন্ধু কিংবা মনোনীত কোনো শুভানুধ্যায়ী। কিন্তু সেই মানুষটিকে পুরুষ হতে হবে, পরিবারের রক্তসম্পর্কীয় কেউ হতে হবে কিংবা আইনি অভিভাবক হতে হবে—এই অবাস্তব শর্ত চাপানোর অধিকার অফিস বা হাসপাতালকে কে দিয়েছে?
চিকিৎসার ক্ষেত্রেও নিয়ম অত্যন্ত স্পষ্ট। National Medical Commission-এর এথিক্যাল গাইডলাইন অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক ও মানসিকভবে সক্ষম রোগী নিজের চিকিৎসার ব্যাপারে নিজেই সর্বেসর্বা। অত্যন্ত জটিল কোনো অস্ত্রোপচার বা রোগীর চেতনানাশক অবস্থায় অতিরিক্ত সম্মতির প্রশ্ন আসতে পারে, কিন্তু সাধারণ চিকিৎসা পাওয়ার ক্ষেত্রেও অবিবাহিত মহিলার পাশে কোনো ‘পুরুষ প্রটেক্টর’ না থাকাকে অজুহাত বানিয়ে ফিরিয়ে দেওয়া বা প্রশ্ন তোলার অর্থ সরাসরি রোগীর মৌলিক অধিকার ক্ষুণ্ণ করা।
সমাজের চোখে ‘একা নারী’ এক অপরাধ
আসলে মূল সমস্যাটা আইনি নয়, আমাদের মজ্জাগত পিতৃতান্ত্রিক মানসিকতার। একজন পুরুষ একা থাকলে তাকে বলা হয় ‘স্বাবলম্বী’ ও ‘স্বাধীনচেতা’। আর একজন নারী একা থাকলে সমাজের হাজারটা আঙুল তাঁর দিকে ঘুরে যায়—‘সঙ্গী কে?’, ‘বিয়ে হলো না কেন?’, ‘অসুস্থ হলে দেখভাল কে করবে?’—এই হীন কৌতূহলের কোনো শেষ নেই। তাঁর কাজের দক্ষতা, বুদ্ধি বা প্রফেশনাল ইন্টেগ্রিটির চেয়েও তাঁর ব্যক্তিগত জীবনে কার ছায়া রয়েছে, সেটাই যেন সমাজের কাছে সবচেয়ে সুস্বাদু চর্চার বিষয়।
একটি আধুনিক কর্মক্ষেত্র বা প্রগতিশীল সমাজের দায়িত্ব কোনো কর্মীর বৈবাহিক সার্টিফিকেট চেক করা নয়। বরং স্বচ্ছ ছুটির নীতি, মানবিক প্রশাসনিক পরিকাঠামো এবং সহমর্মিতাপূর্ণ কাজের পরিবেশ নিশ্চিত করাই দস্তুর হওয়া উচিত। অসুস্থতার জন্য নথিপত্র চাওয়া অন্যায় নয়, কিন্তু একজন নারীর একাকীত্বকে তাঁর পেশাগত সততার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা চরম বৈষম্যমূলক।
ফুরিয়ে আসুক ভণ্ডামির দিন
বিয়ে কোনো প্রশাসনিক পরিচয়পত্র নয়। স্বামী কোনো আইনি গ্যারান্টি কার্ড নন। বাবা বা ভাই পাশে নেই মানেই জীবনের সব অধিকার খুইয়ে বসে থাকতে হবে—এমন ফতোয়া কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। একজন নারী নিজের রোজগারে মাথা উঁচু করে বাঁচেন বলেই তিনি প্রশাসনের কাছে জবাবদিহি করতে বাধ্য নন—এমন নয়; তিনি অফিসের রুলস মানবেন, কিন্তু নিজের আত্মসম্মান বা ব্যক্তিস্বাধীনতা বিসর্জন দিয়ে নয়।
নারী স্বাধীনতা মানে শুধু চার দেওয়ালের বাইরে বেরিয়ে এসে কিছু অর্থ উপার্জন করা নয়। নারী স্বাধীনতা মানে হলো—অসুস্থ হলে একলা ঘরে শুয়ে নিজের শুশ্রূষার অধিকার, নিজের অনুপস্থিতির হিসাব নিজে দেওয়ার অধিকার এবং কারোর অনুমতি না নিয়ে সম্পূর্ণ স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার।
আজও যদি স্বাধীনতার অমৃতকালের ৭৯ বছর পরেও একজন নারীকে নিজের কাজের বৈধতা প্রমাণ করতে গিয়ে সমাজের কাছে পুরুষ অভিভাবকের সার্টিফিকেট খুঁজতে হয়, তবে বুঝতে হবে আমাদের নারী স্বাধীনতার বুলিগুলো নেহাতই ফাঁকা স্লোগান।
পরিচয় কোনো পুরুষের নামের মোড়কে মোড়া নয়। পরিচয় মানুষের নিজস্ব। সেই নামের পাশে স্বামী, বাবা কিংবা ভাইয়ের নাম না থাকলেও একজন নারীর অধিকার ও সম্মান সম্পূর্ণ—শতভাগ পূর্ণাঙ্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *