নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর: সৃজনী প্রেক্ষাগৃহে পশ্চিম বর্ধমানের প্রশাসনিক রিভিউ মিটিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বড় ঘোষণা ও কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, রাজ্য ও দেশের প্রেক্ষাপটে পশ্চিম বর্ধমান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেল, ইস্কো-সহ বিভিন্ন সংস্থার উপস্থিতিতে সমন্বয় বৈঠকে কর্মসংস্থান, মসৃণ শিল্পায়ন, নতুন পরিকাঠামো এবং পরিবেশ ও সবুজায়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। গত ছয় মাসে কাটমানি, কয়লা মাফিয়া ও বালি মাফিয়ার মতো সিন্ডিকেট বন্ধ হয়েছে বলে বৈঠকে রিপোর্ট মিলেছে। পুলিশ ও সিআইএসএফ সমন্বয় বাড়ানো এবং আড্ডা-র জমি সংক্রান্ত বিষয় দ্রুত মেটানোর কথা বলা হয়েছে।
পানীয় জল ও পুর পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, জল জীবন মিশনে ২ লক্ষ ৯৪ হাজার বাড়িতে জল পৌঁছানোর কথা বলা হলেও বিধায়করা জানিয়েছেন জল পৌঁছায়নি। তৃণমূল সরকার টাকা লুট করেছে বলে অভিযোগ তুলে তিনি জানান, ৩১ ডিসেম্বরের মধ্যে জল না দিলে এজেন্সিগুলোকে ব্ল্যাকলিস্ট করা হবে। অমৃত প্রকল্পের ৩টি টেন্ডার চূড়ান্ত না হওয়ায় ইউডিএমএ মন্ত্রী অগ্নিমিত্রা পালকে বিষয়টি দেখতে বলা হয়েছে।
পাশাপাশি স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী জানান, ইএসআই হাসপাতালে মেডিকেল কলেজের এনওসি দেওয়া হলেও সাধারণ রোগীদের ক্ষেত্রে সীমাবদ্ধতার কথা জানানো হয়েছে। কেন মানুষকে চিকিৎসার জন্য দেওঘর এইমস-এ যেতে হবে, সেই প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী দুর্গাপুর ও আসানসোলের মাঝামাঝি স্থানে বার্ন ও পেডিয়াট্রিক ইউনিট-সহ সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির ঘোষণা করেন । রাজ্যে নিজস্ব তহবিল থেকে ১,০০০ কোটি টাকা দেওয়া হবে এবং জমি দেখার দায়িত্ব দেওয়া হয়েছে ডিএম-কে। পাশাপাশি মুখ্যসচিব সেল-কে প্রস্তাব দিয়েছেন তাদের হাসপাতাল রাজ্য সরকারকে হস্তান্তরের জন্য। তা হলে ১৮-২০ মাস অপেক্ষা না করে ৩-৪ মাসের মধ্যে এমআরআই, স্ক্যান, এসএনসিইউ ও ব্লাড ব্যাংক চালু করে মার্চের মধ্যে পরিষেবা শুরু করা যাবে।
কোলিয়ারি এলাকায় উচ্ছেদ প্রসঙ্গে তৈরি ফ্ল্যাটগুলো বসবাসের অযোগ্য বলে জানান মুখ্যমন্ত্রী। সংশ্লিষ্ট পরিকল্পনাকারী ও ঠিকাদারের নাম ইনস্টিটিউশনাল করাপশন কমিটিতে পাঠিয়ে তথ্য অনুসন্ধান ও এফআইআর-এর কথা বলেন তিনি। ক্ষতিগ্রস্তদের দাবি মেনে ২ থেকে ২.৫ কাঠা জমি ও ১০ লক্ষ টাকা দেওয়ার ব্যবস্থা হচ্ছে, যেখানে ইসিএল-কে ৫ লক্ষের বদলে ১০ লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়েছে। ৩১ মার্চের মধ্যে এই কাজ শেষ করার সময়সীমা দেওয়া হয়েছে। আগামী ৩ জানুয়ারি ফের দুর্গাপুরে শিল্প ও ব্যবসায়ী মহলের সঙ্গে বৈঠক করবেন জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।