নিজস্ব প্রতিবেদন, পাণ্ডবেশ্বর: পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় পুলিশি অভিযানের জেরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অবৈধ তোলাবাজি এবং সাধারণ মানুষকে ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার করা হল ছোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা রামচরিত্র পাসওয়ানকে। সোমবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। স্থানীয় রাজনৈতিক মহলে ধৃত এই পঞ্চায়েত প্রধান তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই রামচরিত্র পাসওয়ানের বিরুদ্ধে পাণ্ডবেশ্বর ও তার পার্শ্ববর্তী এলাকায় অবৈধ তোলাবাজি, সিন্ডিকেট রাজ চালানো এবং সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠছিল। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, তাঁর দাপটে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা তটস্থ থাকতেন। সম্প্রতি এই বিষয়ে পুলিশের কাছে সুনির্দিষ্ট অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার সন্ধ্যায় কোমর বেঁধে আসরে নামে পুলিশ এবং এলাকা থেকে এই তৃণমূল নেতাকে পাকড়াও করা হয়। তৃণমূলের জেলা সভাপতির ঘনিষ্ঠ নেতার এভাবে গ্রেফতার হওয়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে শুরু হয় জোর রাজনৈতিক চর্চা। যদিও এই গ্রেফতারির বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত বিস্তারিত কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে মঙ্গলবার ধৃত তৃণমূল নেতা রামচরিত্র পাসওয়ানকে আসানসোল আদালতে পেশ করা হয়েছে। ঘটনার নেপথ্যে অন্য কোনও বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। Share Post Whatsapp Share Post navigation তোলাবাজির প্রতিবাদে ডিএমসি মোড়ে বাস রুখে বিক্ষোভ, দুর্গাপুরে উত্তেজনা