নিজস্ব প্রতিবেদন, কলকাতা: রাজ্য সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত নিয়ে অবশেষে গাইডলাইন তৈরি করে ফেলল পরিবহণ দফতর। আপাতত সরকারিভাবে সেই নির্দেশিকা প্রকাশ করা না হলেও দফতর সূত্রে খবর, আগামী ১ জুন থেকে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের জন্য একটি নির্দিষ্ট বিধি তৈরি করা হয়েছে। কোন মহিলা যাত্রীরা এই সুবিধা পাবেন এবং কীভাবে তাঁদের চিহ্নিত করা হবে, তা ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলা হয়েছে। এই পরিষেবা চালুর ক্ষেত্রে প্রাথমিকভাবে মহিলা যাত্রীদের ‘শূন্য মূল্যের’ টিকিট দেওয়া হবে। পুরো বিষয়টি যাতে অত্যন্ত মসৃণভাবে পরিচালিত হয়, সেজন্য ১ জুনের আগেই চালক এবং কন্ডাক্টরদের জন্য বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে বলে জানা গিয়েছে। পরিবহণ দফতর সূত্রে খবর, আগামী ১ জুন থেকে পশ্চিমবঙ্গের সরকারি বাসে মহিলা যাত্রীরা বিনামূল্যে যাতায়াত করতে পারলেও তার জন্য দুটি প্রধান নিয়ম রাখা হয়েছে। প্রথমত, সুবিধাভোগী মহিলাদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত, বাসে সফরের সময় পরিচয় ও বাসস্থানের প্রমাণ হিসেবে নির্দিষ্ট সচিত্র পরিচয়পত্র দেখাতে হবে। যোগ্য মহিলা যাত্রীরা বাসে উঠলেই তাঁদের এই নিয়ম বুঝিয়ে দেওয়া হবে এবং কন্ডাক্টররা তাঁদের হাতে শূন্য টাকার একটি বিশেষ টিকিট তুলে দেবেন। এই টিকিটে অশোক স্তম্ভের ছবি এবং পশ্চিমবঙ্গ সরকার লেখা থাকবে। তবে প্রতিদিন টিকিট কাটার ঝক্কি কমাতে পরবর্তীতে বিশেষ কার্ড বা স্মার্ট কার্ড চালু করার পরিকল্পনা রয়েছে পরিবহণ দফতরের। সেই কার্ড দেখালেই সরাসরি সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করা যাবে। অন্য দিকে, এই বড় ঘোষণার মাঝেই ধুঁকতে থাকা সরকারি বাস পরিষেবাকে কীভাবে চাঙ্গা করা যায়, তা নিয়েও পরিবহণ দফতরে দফায় দফায় আলোচনা চলছে। সূত্রের খবর, রাজ্যে আপাতত কার্যকর সরকারি বাসের সংখ্যা আড়াই হাজারের কম। বহু বাস অকেজো হয়ে বিভিন্ন ডিপোয় পড়ে আছে। এই আবহে নতুন করে পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাসের সংখ্যা বৃদ্ধির উপরে বিশেষ জোর দেওয়া হচ্ছে এবং সেজন্য দ্রুত টেন্ডার প্রক্রিয়া শুরুর তোড়জোড় চলছে। পরিবহণ দফতরের আধিকারিকরা জানিয়েছেন, বিনামূল্যে সফর চালুর পাশাপাশি কোন কোন রুটে যাত্রীদের চাপ কেমন থাকে, তা নিয়ে একটি সামগ্রিক সমীক্ষা চালানো হবে এবং সেই অনুযায়ী আগামী দিনে কোন রুটে কত বাস চলবে, তা চূড়ান্ত করা হবে। Share Post Whatsapp Share Post navigation এবার আইনি জট কাটল, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিচারে সবুজ সঙ্কেত রাজ্যের