নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: শিল্পাঞ্চলের ‘ঘরের ছেলেদের’ কর্মসংস্থানই এখন পাখির চোখ। বহিরাগত শ্রমিক নিয়োগের অভিযোগে এবার কড়া অবস্থান নিলেন খোদ মুখ্যমন্ত্রী। সোমবার দুর্গাপুরের সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে আয়োজিত এক জনসভা থেকে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিলেন, স্থানীয় বেকারদের বঞ্চিত করে বাইরে থেকে শ্রমিক আনার দিন শেষ। এই কাজে যদি নিজের দলের কেউও যুক্ত থাকেন, তবে তাঁকেও রেয়াত করা হবে না।
হুঁশিয়ারি ও বার্তা
নির্বাচনী প্রচারে এসে এদিন শিল্পাঞ্চলের জ্বলন্ত সমস্যা নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। সাম্প্রতিক সময়ে অভিযোগ উঠছিল, দুর্গাপুরের বিভিন্ন শিল্প সংস্থায় স্থানীয়দের বদলে বহিরাগতদের গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী বলেন “স্থানীয়দের বঞ্চিত করে বাইরে থেকে শ্রমিক নিয়োগের অভিযোগ আমার কানে এসেছে। সাফ জানিয়ে দিচ্ছি, দলমত নির্বিশেষে যেই এর সঙ্গে যুক্ত থাকুক, তাঁর বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
জোড়া ফুলে আস্থা, লক্ষ্য কর্মসংস্থান
চতুরঙ্গ ময়দানের এই সভা মূলত ছিল দুর্গাপুর পূর্ব কেন্দ্রের প্রার্থী প্রদীপ মজুমদার এবং দুর্গাপুর পশ্চিমের প্রার্থী কবি দত্তের সমর্থনে। মুখ্যমন্ত্রী ভোটারদের কাছে আবেদন জানান, এই দুই প্রার্থীকে জয়ী করলে আগামী দিনে স্থানীয় স্তরে কর্মসংস্থান নিশ্চিত করাই হবে সরকারের অগ্রাধিকার। তিনি বলেন, “দুর্গাপুরের উন্নয়ন মানে এখানকার মানুষের উন্নয়ন। আর সেই উন্নয়নের চাবিকাঠি হল কাজের সুযোগ।”
প্রার্থীর প্রতিক্রিয়া
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত বলেন, “আমার নির্বাচনী ইশতেহারেও স্থানীয়দের কর্মসংস্থানের বিষয়টিকে আমি সবথেকে বেশি গুরুত্ব দিয়েছি। খোদ দলনেত্রী যখন এই মঞ্চ থেকে একই কথা বললেন, তখন আমাদের সেই প্রতিশ্রুতিতে সরকারি সিলমোহর পড়ে গেল।”
এদিনের জনসভায় ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রদীপ মজুমদার এবং কবি দত্তের সমর্থনে আয়োজিত এই সভা থেকে মুখ্যমন্ত্রী একদিকে যেমন উন্নয়নের খতিয়ান তুলে ধরেন, তেমনই অন্যদিকে শিল্পাঞ্চলের শ্রমিক ও যুবশক্তির আবেগকে ছুঁয়ে রাজনৈতিক সমীকরণ স্পষ্ট করে দিলেন। রাজনৈতিক মহলের মতে, স্থানীয়দের কর্মসংস্থানের এই ‘আশ্বাস’ আসন্ন নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে।