নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর:আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরেই শিল্পশহর দুর্গাপুরে বসতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাইপ্রোফাইল প্রশাসনিক বৈঠক। বৃহস্পতিবার শহরের ‘সৃজনী’ প্রেক্ষাগৃহে আয়োজিত এই মেগা সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তুঙ্গে পৌঁছেছে প্রশাসনিক তৎপরতা।
প্রশাসনিক সূত্রে খবর, কেবল পশ্চিম বর্ধমানই নয়, আশেপাশের মোট পাঁচ জেলার শীর্ষ স্তরের আমলা ও প্রশাসনিক আধিকারিকদের এই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, পাঁচ জেলার বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি, পরিকাঠামো উন্নয়ন, শিল্পে নতুন বিনিয়োগের সম্ভাবনা এবং দুয়ারে সরকার সহ নানাবিধ জনকল্যাণমূলক পরিষেবার বর্তমান খতিয়ান খতিয়ে দেখবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি এই বৈঠকে সংশ্লিষ্ট জেলাগুলির একঝাঁক জনপ্রতিনিধিও উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে।
মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা দুর্গাপুর শহর। বিশেষ করে সৃজনী প্রেক্ষাগৃহ এবং সংলগ্ন এলাকাগুলিতে পুলিশি নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে। যানজট এড়াতে ট্রাফিক ব্যবস্থায় আনা হচ্ছে সাময়িক রদবদল। ভিআইপি নিরাপত্তা এবং দূরদূরান্ত থেকে আসা অতিথিদের আপ্যায়নের জন্য প্রশাসনের তরফে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।
রাজনৈতিক ও প্রশাসনিক মহলের মতে, লোকসভা ভোটের পরবর্তী পর্বে শিল্পাঞ্চলে মুখ্যমন্ত্রীর এই সফর এবং পাঁচ জেলাকে নিয়ে এই যৌথ বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগামী দিনে এই জেলাগুলির উন্নয়নের রূপরেখা কেমন হবে, তার একটা স্পষ্ট দিশা মিলতে পারে এই বৈঠক থেকেই। আর সেই কারণেই এই হাইপ্রোফাইল সভাকে ঘিরে শিল্পাঞ্চলের অলিন্দে এখন টানটান উত্তেজনা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *