নিজস্ব প্রতিবেদন, দুর্গাপুর দুর্গাপুরের সিটি সেন্টারে বাস থেকে তোলা আদায়কে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল। তোলা দিতে অস্বীকার করায় এক বাস কর্মীকে মারধর এবং তাঁর পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু যুবকের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ বাস কর্মচারীরা ডিএমসি মোড়ে বাস থামিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। এর জেরে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ দু’জনকে আটক করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বহরমপুর থেকে চিত্তরঞ্জন রুটের একটি বাস যখন সিটি সেন্টার বাসস্ট্যান্ডে পৌঁছায়, তখন কয়েকজন যুবক বাস কর্মীদের কাছে টাকা চায়। টাকা দিতে অস্বীকার করায় রাহুল ধীবর নামে এক বাস কর্মীকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত বাস কর্মী রাহুল ধীবরের অভিযোগ, ওখানে একজন টাইম কিপার ছিল। আমাদের কাছে চাঁদা চাইছিল। টাকা না দেওয়ায় আমাকে মারধর করে জামা ছিঁড়ে দেয়। ওরা সবাই শাসকদল তৃণমূলের লোক।

যদিও মারধর ও তোলাবাজির এই অভিযোগে রাজনৈতিক রঙ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য বাস চলাচল ব্যাহত হয়। পরে পুলিশি হস্তক্ষেপে এবং দোষীদের উপযুক্ত শাস্তির আশ্বাসে বিক্ষোভ তুলে নেন বাস কর্মীরা। ঘটনার তদন্ত শুরু করেছে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *