নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: তীব্র গরমে পথচলতি মানুষের তৃষ্ণা মেটাতে মানবিক উদ্যোগে শামিল হলেন দুর্গাপুরের সিটি সেন্টার অটো স্ট্যান্ডের চালকেরা। সোমবার দুপুরে তাঁদের যৌথ উদ্যোগে একটি জলছত্রের আয়োজন করা হয়। স্ট্যান্ড চত্বরেই তৃষ্ণার্ত যাত্রী ও পথচারীদের হাতে তুলে দেওয়া হয় ঠান্ডা পানীয় জল ও ওআরএস-এর শরবত। তবে এই সামাজিক কর্মসূচির মঞ্চ থেকেই শিল্পাঞ্চলের রাজনৈতিক সমীকরণে নতুন জল্পনা তৈরি হয়েছে। জলছত্রের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) অনুমোদিত শ্রমিক সংগঠন ‘ভারতীয় মজদুর সঙ্ঘ’ (বিএমএস)-এর জেলা সাধারণ সম্পাদক মৃন্ময় বন্দ্যোপাধ্যায়। অটোচালকদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি তিনি ইঙ্গিত দেন, আগামী দিনে সিটি সেন্টারের অটোচালকেরা বিএমএসের ছাতার তলায় আসতে চলেছেন। মৃন্ময়বাবু বলেন, “এই প্রখর দাবদাহে মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। একই সঙ্গে সিটি সেন্টার অটো স্ট্যান্ডের চালকেরা আগামী দিনে একটি নির্দিষ্ট কমিটি গঠন করে ভারতীয় মজদুর সঙ্ঘের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন। শ্রমিকদের অধিকার রক্ষা, সামাজিক নিরাপত্তা এবং সংগঠিতভাবে নিজেদের দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যেই তাঁরা আমাদের সংগঠনে আসার আগ্রহ প্রকাশ করেছেন।” যদিও চালকদের একটি অংশের দাবি, আপাতদৃষ্টিতে এটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং সামাজিক কর্মসূচি ছিল। তবে লোকসভা নির্বাচনের পরবর্তী আবহে দুর্গাপুরের অন্যতম ব্যস্ত এই অটো স্ট্যান্ডের চালকদের গেরুয়া শ্রমিক সংগঠনের দিকে ঝুঁকে পড়ার ইঙ্গিতকে কেন্দ্র করে শিল্পাঞ্চলের শ্রমিক রাজনীতিতে পারদ চড়তে শুরু করেছে। এ দিনের কর্মসূচিকে ঘিরে অটোচালকদের মধ্যে তুমুল উৎসাহ লক্ষ্য করা যায়। সংগঠনের তরফে জানানো হয়েছে, আগামী দিনেও এই ধরণের সমাজসেবামূলক কাজ জারি থাকবে। Share Post Whatsapp Share Post navigation দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর মেগা প্রশাসনিক বৈঠক বৃহস্পতি বার, সৃজনীতে হাজির থাকছেন পাঁচ জেলার আমলারা দামোদরে স্নান করতে নেমে বিপত্তি, তলিয়ে মৃত্যু অষ্টম শ্রেণীর পড়ুয়ার