নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর:দুর্গাপুর নগর নিগমের (ডিএমসি) নতুন প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাম্বালাম। বুধবার পুরভবনে এসে তিনি প্রথমে নিগমের কমিশনারের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন। এরপরই প্রশাসনিক প্রধানের আসনে বসেন তিনি। এদিন নতুন প্রশাসককে স্বাগত জানাতে পুরসভায় উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই। দুই বিধায়কই তাঁকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান। দায়িত্ব নিয়েই শহরের বকেয়া কাজগুলি দ্রুত শেষ করার বিষয়ে কড়া বার্তা দিয়েছেন নতুন প্রশাসক। এস পোন্নাম্বালাম জানান, নিগমের বিভিন্ন ওয়ার্ডে যে সমস্ত উন্নয়নমূলক কাজ বর্তমানে থমকে বা অসম্পূর্ণ হয়ে রয়েছে, সেগুলিকে চিহ্নিত করে দ্রুত শেষ করাই তাঁর প্রথম লক্ষ্য। নাগরিক পরিষেবা যাতে আরও মসৃণ ও উন্নত করা যায়, সে বিষয়েও তিনি তৎপরতার সঙ্গে পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন। শহরের সার্বিক উন্নয়নের রূপরেখা তৈরি করতে জনসংযোগ এবং সমন্বয়ের ওপর বিশেষ জোর দিচ্ছেন নতুন প্রশাসক। তিনি জানিয়েছেন, চলতি সপ্তাহের শনিবারই দুর্গাপুরের দুই বিধায়ককে নিয়ে পুরসভার বিভিন্ন প্রকল্প ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে একটি বিস্তারিত পর্যালোচনা বৈঠকে বসবেন তিনি। জেলাশাসক নিজেই পুরসভার হাল ধরায় এবং কাজে গতি আনার স্পষ্ট ইঙ্গিত দেওয়ায় স্বভাবতই খুশি পুরকর্মী থেকে শুরু করে আমজনতা। তাঁর এই দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে শিল্পশহরের পুর-মহলে এক নতুন কর্মতৎপরতা ও উদ্দীপনা তৈরি হয়েছে। Share Post Whatsapp Share Post navigation তোলাবাজির অভিযোগে গ্রেফতার পাণ্ডবেশ্বরের তৃণমূল পঞ্চায়েত প্রধান, শিল্পাঞ্চলে তীব্র চাঞ্চল্য দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর মেগা প্রশাসনিক বৈঠক বৃহস্পতি বার, সৃজনীতে হাজির থাকছেন পাঁচ জেলার আমলারা