নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:মদ্যপ চালকের বেপরোয়া গতির বলি হতে হতে অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার। অন্ডালে এক পশলা দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই দুর্গাপুরের এমএএমসি সংলগ্ন হেভি মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি বারো চাকার পণ্যবাহী কন্টেনার। রাস্তার ধারের একটি বাড়িতে সজোরে ধাক্কা মেরে সেটি গাছে আটকে যাওয়ায় প্রাণহানি এড়ানো গিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে বর্ধমানগামী লেনে দুরন্ত গতিতে ছুটছিল ওই কন্টেনারটি। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুর্গাপুরে পৌঁছানোর আগে অন্ডালেই গাড়িটি একটি ইট বোঝাই ট্রাক্টরকে ধাক্কা মারে। ওই ঘটনায় দু’জন গুরুতর জখম হয়েছেন, যাঁদের অবস্থা আশঙ্কাজনক। সেই দুর্ঘটনার পর পালানোর তাগিদেই সম্ভবত গাড়ির গতি আরও বাড়িয়ে দেন চালক। হেভি মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের বসতি এলাকার একটি বাড়ির ওপর কার্যত গিয়ে পড়ে কন্টেনারটি। তবে একটি গাছে আটকে যাওয়ায় সরাসরি ঘরের ওপর আছড়ে পড়েনি সেটি।
ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, জাতীয় সড়কের ধারে এই জনবহুল এলাকায় সুরক্ষার জন্য বারংবার ব্যারিকেড দেওয়ার দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কর্ণপাত করেনি। আজ বড়সড় বিপর্যয় ঘটে যেতে পারত বলে তাঁদের আশঙ্কা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। পুলিশই ঘাতক গাড়ির চালককে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়দের দাবি, চালক মদ্যপ অবস্থায় থাকার কারণেই এই বিপত্তি।
পুলিশ জানিয়েছে, ঘাতক কন্টেনারটিকে আটক করা হয়েছে এবং চালকের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তবে বারংবার জাতীয় সড়কের ওপর এই ধরনের বেপরোয়া গতির দাপট নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে শিল্পাঞ্চলে।