নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর:বাংলার সংস্কৃতি ও কৃষ্টি পুনরুদ্ধারের দাবিতে দুর্গাপুর নাগরিক মঞ্চের উদ্যোগে ‘কমল মেলা’ আয়োজন করা হচ্ছে দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দানে। আগামী ২৭ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিনব্যাপী চলবে এই মেলা। মেলার উদ্বোধন করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। উপস্থিত থাকার কথা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের একাধিক নেতার।

বিজেপির দাবি, এই মেলা কোনও রাজনৈতিক দলের উদ্যোগ নয়, বরং নাগরিক মঞ্চের ব্যানারে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংবাদিক বৈঠকে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, দুর্গাপুরের মানুষ বাংলার নিজস্ব সংস্কৃতি ও কৃষ্টিকে সামনে আনার দাবিতেই এই মেলার আয়োজন করেছেন।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নাগরিক মঞ্চের নাম ব্যবহার করা হলেও কার্যত এই মেলার আয়োজক বিজেপিই। রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, বাংলার সংস্কৃতি কোনও রাজনৈতিক দলের প্রচারের হাতিয়ার হতে পারে না এবং সংস্কৃতির নামে রাজনৈতিক মেলা আয়োজন অনুচিত।

এই পরিস্থিতিতে দুর্গাপুরে ‘কমল মেলা’কে ঘিরে সংস্কৃতির আড়ালে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। শহরের রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে চাপানউতোর ক্রমশ বাড়ছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *