নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর:ইভটিজিংয়ের অভিযোগকে কেন্দ্র করে দুর্গাপুরের ইস্পাত নগরীর বি-জোন এলাকায় চরম উত্তেজনা ছড়াল। ঘটনায় মুখোমুখি হয় তৃণমূল কংগ্রেস ও বিজেপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। স্থানীয় সূত্রে জানা গেছে, টাউনশিপ এলাকায় এক মহিলাকে ইভটিজিংয়ের অভিযোগ ওঠে। স্থানীয়রা অভিযুক্তকে ধরে ফেললে সে বিজেপি যুব নেতা পারিজাত গাঙ্গুলীর বাড়িতে ঢুকে পড়ে বলে অভিযোগ। এরপর ওই বাড়িতেই অভিযুক্তকে মারধর করা হয় বলে দাবি ওঠে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিজেপি যুব নেতা পারিজাত গাঙ্গুলী, বিধায়ক লক্ষণ ঘোরুই, জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর ব্যানার্জি-সহ বিজেপির কর্মী ও সমর্থকেরা বি-জোন ফাঁড়িতে পৌঁছান। একই সময়ে থানার বাইরে তৃণমূল কংগ্রেসের নেতা রাজীব ঘোষ, বান্টি সিং-সহ বহু কর্মী-সমর্থক জড়ো হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় স্লোগান ও পাল্টা স্লোগান। মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের সেখান থেকে সরিয়ে দেয় এবং এলাকায় অতিরিক্ত নজরদারি শুরু করে। এদিকে ইভটিজিংয়ের অভিযোগ অস্বীকার করে বিজেপি যুব নেতা পারিজাত গাঙ্গুলী বলেন, “যদি সত্যিই ইভটিজিংয়ের ঘটনা ঘটত, তাহলে সংশ্লিষ্ট মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করতেন। কিন্তু কোনও অভিযোগ জমা পড়েনি। যাঁর বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, তিনি বিজেপির সক্রিয় কর্মী। তাঁকে কেন্দ্র করেই আমার বাড়িতে ঢুকে আমাকে ও আমার পরিবারের সদস্যদের ধাক্কাধাক্কি ও হেনস্তা করা হয়েছে।” পুরো ঘটনাকে ঘিরে ইস্পাত নগরীর বি-জোন এলাকায় এখনও থমথমে পরিস্থিতি। যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। Share Post Whatsapp Share Post navigation আসানসোলে সাতসকালে শুটআউট: নামাজ পড়তে যাওয়ার পথে ব্যবসায়ীর রহস্যমৃত্যু দুর্গাপুরে তৃণমূলের প্রতিবাদ সভা, ভোটাধিকার রক্ষায় হুঁশিয়ারি সাংসদ ড. শর্মিলা সরকারের