নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর:
সিটি সেন্টার এলাকায় যানজট কমাতে পার্কিং ব্যবস্থায় কড়া পদক্ষেপ নিল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (আড্ডা)। রাস্তার ধারে বেআইনি পার্কিং বন্ধ করা এবং সাধারণ মানুষকে নির্দিষ্ট পার্কিং ব্যবহারে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে পার্কিং ফিও কমানো হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে আড্ডার কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান আড্ডার চেয়ারম্যান কবি দত্ত। বৈঠকে উপস্থিত ছিলেন ডিসি ট্রাফিক পিভিজি সতীশ পশুমার্থী, এসিপি ট্রাফিক (থ্রি) রাজকুমার মালাকার, আড্ডার সিইও ও অন্যান্য আধিকারিকরা।

সংবাদ বৈঠকে জানানো হয়, বর্তমানে দুর্গাপুর সিটি সেন্টার এলাকায় দুটি বড় শপিং মলের সংযোগকারী রাস্তায় যানবাহন চলাচলের চাপ অত্যন্ত বেশি। অনেকেই রাস্তার দু’পাশে গাড়ি দাঁড় করিয়ে রাখছেন, যার ফলে প্রায়শই তীব্র যানজট তৈরি হচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই নির্দিষ্ট পার্কিং জোন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আড্ডা সূত্রে জানানো হয়েছে, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মাধ্যমে পরিচালিত একাধিক নতুন পার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, তিন ঘণ্টার জন্য বাইক পার্কিংয়ে ফি নেওয়া হবে ১০ টাকা, চারচাকার ক্ষেত্রে ২০ টাকা এবং সাইকেলের জন্য ৫ টাকা।

আড্ডা কর্তৃপক্ষের আশা, এই উদ্যোগের ফলে সিটি সেন্টার এলাকায় যানজট অনেকটাই কমবে এবং সাধারণ মানুষও সুবিধা পাবেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *