নিজস্ব প্রতিবেদক,আসানসোল: ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে শুক্রবার শুরু হল ইন্ডিয়া পাওয়ার কারিগরী মেলা। সৃষ্টিনগরের সেন্ট্রাম মলের সামনে খোলা মাঠে আয়োজিত এই মেলা চলবে ২৩ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা ৩০ মিনিট থেকে মেলা দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। শুক্রবার মেলার উদ্বোধন করেন শ্রম ও ইএসআই (এমবি) পরিকল্পনা বিভাগ এবং আইন ও বিচার বিভাগে দায়িত্বপ্রাপ্ত রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন আসানসোলের সম্পাদক স্বামী সোমাত্মানন্দ মহারাজ, রামকৃষ্ণ মিশন দিল্লির স্বামী ত্যাগভয়ানন্দ মহারাজ, আসানসোল পুরনিগমের কাউন্সিলর শ্রাবণী মণ্ডল, অনির্বাণ দাস-সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও ইন্ডিয়া পাওয়ারের আধিকারিকরা। এই মেলায় দর্শনার্থীরা দেশের নানা প্রান্তের ঐতিহ্যবাহী হস্তশিল্পের সমৃদ্ধ সম্ভার দেখতে পাচ্ছেন। ডোকরা, পটচিত্র, টেরাকোটা, কাঁথা, মাদুর, জামদানি, পাট ও বেতের সামগ্রী, চামড়ার জিনিস, মশলা, অলঙ্কার-সহ কাঁথা, মসলিন, চিকনকারি, আজরাখ, বাটিক এবং আরও বহু প্রাচীন তাঁত ও বস্ত্রশিল্প প্রদর্শিত হচ্ছে। মোট ৪৬টি স্টলে হাতে তৈরি পণ্যের বৈচিত্র্যময় সংগ্রহ তুলে ধরা হয়েছে। মেলার আকর্ষণ বাড়াতে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাউল সংগীত, পল্লীগীতি পরিবেশনা এবং ড্রয়িং প্রতিযোগিতা, যা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করছে। ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেডের পূর্ণকালীন পরিচালক সোমেশ দাসগুপ্ত বলেন, “ইন্ডিয়া পাওয়ারের কারিগরী মেলা শুধুমাত্র একটি সিএসআর উদ্যোগ নয়, এটি শিল্পীদের জীবিকা ও ঐতিহ্যকে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। যেসব কুশলী কারিগর এবং সরকারি সংস্থা বছরের পর বছর আমাদের ওপর আস্থা রেখেছেন, আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ।” চার দিনব্যাপী এই মেলা আসানসোলবাসীর জন্য কেনাকাটা ও সংস্কৃতির এক বিশেষ মিলনমেলায় পরিণত হয়েছে। Share Post Whatsapp Share Post navigation স্বাস্থ্য ভবন অভিযানে আটকে দেওয়ার প্রতিবাদে মহকুমা শাসকের দফতরে বিক্ষোভ আশাকর্মীদের পরিবেশবান্ধব ভাবনায় সরস্বতী পুজো দুর্গাপুর ‘মেক ইট ইজি’ কোচিং সেন্টারের